নেত্রকোণার মদনে প্রেমের সম্পর্কের জেরে সৃষ্ট হতাশা থেকে শোভা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শোভা আক্তার ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, শোভার সঙ্গে একই এলাকার হাসান মিয়া (১৬) নামে এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ অক্টোবর তারা কেন্দুয়া উপজেলার তাম্বুলীপাড়া এলাকায় ঘুরতে যায়। সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শোভা বিয়ের জন্য চাপ দিলে হাসান অস্বীকৃতি জানায় বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে শোভা মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে শোভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।