লালমাইয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
"সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ"
(নিজস্ব প্রতিবেদক-লালমাই (কুমিল্লা): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রবিবার (১০ ও ১১ অক্টোবর) লালমাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তাজুল ইসলাম মজুমদার।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, সহকারী পরিচালক মোঃ তারেক সালমান, সহকারি পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লা। সহকারী পরিচালক ফারহানা আমিন,লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিন হোসেন,লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং তথ্য সংগ্রহের প্রয়োজনীয় পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে স্বচ্ছতা, নির্ভুলতা ও যথাযথ তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ১ জন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারীদের মাঝে ১৫ টি ট্যাব বিতরণ করেন কুমিল্লা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জাতীয় পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর লালমাই উপজেলার নয়টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের সঠিক তথ্য চিহ্নিত করে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বৃদ্ধি এবং নির্ভুল তথ্য নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।