রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন (আসামি) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ওই শিশুর পিতার সম্পত্তিতে ওয়ারিশ হিসেবে অধিকার নিশ্চিত করার বিষয়ে রায়ে উল্লেখ করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা আহম্মদ খার ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে রাতে একই এলাকার এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকসা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান ফারুক হোসেন। সেখানে ওই নারীকে প্রায় দুই মাস ধরে ধর্ষণ করেন তিনি। পরে তাঁকে ঢাকায় নিয়ে প্রায় চার মাস একসঙ্গে বসবাস করেন। এ সময় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সালিশে ফারুক হোসেন ওই নারীকে বিয়ে করতে রাজি হলেও পরবর্তী সময়ে বিয়ে না করে আত্মগোপনে চলে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে এ রায় দিয়েছেন। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটিকে ফারুক হোসেনের সন্তান হিসেবে স্বীকৃতি এবং তাঁর সম্পত্তিতে ওয়ারিশ হিসেবে অধিকার দেওয়ার বিষয়টিও রায়ে উল্লেখ করা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
পিপি আরও জানান, শিশুটির ২১ বছর বয়স পর্যন্ত ভরণপোষণের ব্যয় সরকার বহন করবে বলে আদালতের সিদ্ধান্তে উল্লেখ রয়েছে। শিশুটি ফারুক হোসেনের জৈবিক সন্তান হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ওয়ারিশ হিসেবে তাঁর সম্পত্তিতে অধিকার পাবে।