কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর তিন রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া থানাধীন জাতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়।
পরে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোররা হলো—২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের এ/০৭ ব্লকের বাসিন্দা শফিউল আলম (১৪), এ/০৪ ব্লকের মো. আজাদ (১৩) এবং একই ব্লকের মো. আরমান (১২)।
২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্প সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে তিন কিশোর এ/০৪ ব্লকের একটি মাদ্রাসায় পড়তে যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়।
এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
পরে রোববার সকাল আনুমানিক ৭টার দিকে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পকে অবহিত করেন।
খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি বিশেষ দল তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জাতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তিন কিশোরকে উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উদ্ধারসংক্রান্ত তথ্য ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সদর ডিউটি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোলতান আহমদ, টেকনাফ