রাজবাড়ীতে কলেজছাত্র ফুয়াদ চৌধুরী হাসান রোহান (২১) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে হত্যায় ব্যবহৃত টি-শার্ট, গামছা ও ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার বাবু (৩৪), গণি সরদারের ছেলে রিয়াজ সরদার (২৩) এবং সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মোঃ শরীফ (২৭)।
পুলিশ সুপার জানান, রোহান হত্যার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে রোহানকে ডেকে নিয়ে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ পানিতে ভেসে ওঠা ঠেকাতে পেটে ছুরিকাঘাত করে বস্তাবন্দি অবস্থায় একটি ডোবায় ডুবিয়ে রাখা হয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা মাদকাসক্ত বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে নিখোঁজ হয় রোহান। চার দিন পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) রোহানের বাবা ফরদাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী থানায় হত্যা মামলা করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ, গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মফিজুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।