নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তরিকুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৫০ মিনিটের দিকে ধামইরহাট থানার আলমপুর ইউনিয়নের রগুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে রগুনাথপুর গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ তরিকুল ইসলামকে তার বসতবাড়ির সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মোঃ তরিকুল ইসলাম (৩৯) রগুনাথপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।