দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত লালমনিরহাটের কারিগররা।
মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি। শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসায় লালমনিরহাটে প্রতিমা তৈরির কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে। জেলার বিভিন্ন পালপাড়া ও প্রতিমা তৈরির কারখানায় দিন-রাত চলছে বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা নির্মাণের কাজ।
দুর্গাপূজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। কোনো কারখানায় চলছে প্রতিমার কাঠামো তৈরির কাজ, কোথাও মাটির প্রলেপ দেওয়ার ব্যস্ততা। আবার কোনো কোনো স্থানে শেষ পর্যায়ে রং, অলংকরণ ও কারুকাজের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
লালমনিরহাট সদর উপজেলার সাধুটারী ও পালপাড়ায় রনজিৎ পাল, শ্যামল লাল পাল ও বাচ্চু পালকে প্রতিমা তৈরিতে ব্যস্ত দেখা গেছে। আদিতমারীর ভাদাদোলা পালপাড়ায় ভুবন চন্দ্র পাল এবং কালীগঞ্জের বোর্ডেরহাট পালপাড়ায় সুধীর চন্দ্র রায় ও গণেশ পালও কাজ করছেন। একইভাবে হাতীবান্ধা ও পাটগ্রামসহ জেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজ চলছে। পাশের কুড়িগ্রাম জেলার রাজারহাটেও কারিগরদের ব্যস্ততা চোখে পড়েছে।
কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে বাঁশ ও কাঠ দিয়ে প্রতিমার মূল কাঠামো তৈরি করা হয়। এরপর খড় দিয়ে কাঠামোর আকৃতি দেওয়া হয়। তার ওপর কয়েক ধাপে মাটির প্রলেপ দিয়ে প্রতিমার অবয়ব ফুটিয়ে তোলা হয়। মাটি শুকানোর পর চলে মসৃণকরণ, রং, সাজসজ্জা ও অলংকরণের কাজ।
প্রতিমার আকার, নকশা ও কারুকাজের ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা কারিগরদের কাছ থেকে প্রতিমা দেখে পছন্দ অনুযায়ী দরদাম করে কিনছেন। স্থানীয়ভাবে তৈরি এসব প্রতিমা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি রংপুর, দিনাজপুর, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও যাচ্ছে।
প্রতিমা শিল্পী দীপক কুমার রায় বলেন, লালমনিরহাটে তৈরি প্রতিমার চাহিদা জেলার বাইরেও রয়েছে। তবে বাঁশ, কাঠ, খড়, মাটি, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরিতে ব্যয় আগের তুলনায় বেড়েছে। কিন্তু সেই অনুপাতে প্রতিমার দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। তারপরও বংশপরম্পরায় চলে আসা এই শিল্পকে টিকিয়ে রাখতে তারা কাজ করে যাচ্ছেন।
কারিগর অলকা রানী রায় বলেন, দুর্গাপূজার সময় কাজের চাপ অনেক বেড়ে যায়। তবে বছরের অন্যান্য সময়ে প্রতিমা তৈরির কাজ তুলনামূলক কম থাকায় আয়ও কমে যায়। সারাবছর কাজের সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে এ পেশার সঙ্গে জড়িত পরিবারগুলোর জীবনযাত্রায় স্থিতিশীলতা আসবে।
প্রতিমা শিল্পী গণেশ পাল বলেন, একটি প্রতিমার কাজ শেষ করতে এর আকার ও নকশার ওপর নির্ভর করে বেশ সময় লাগে। কাজের ধরন অনুযায়ী পারিশ্রমিকও নির্ধারিত হয়। সাধারণত একজন কারিগর পাঁচ থেকে ছয়টি পূজামণ্ডপের প্রতিমা তৈরির দায়িত্ব নেন। তার মতে, শুধু মাটি, বাঁশ ও খড় দিয়ে কাঠামো তৈরি করলেই হয় না; প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে কারিগরের দক্ষতা ও সৃজনশীলতাও গুরুত্বপূর্ণ।
লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল রায় জানান, এ বছর জেলার পাঁচ উপজেলায় মোট ৪৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১৬২টি, আদিতমারীতে ১১৭টি, কালীগঞ্জে ৯৩টি, হাতীবান্ধায় ৭৩টি এবং পাটগ্রামে ৩১টি মণ্ডপ রয়েছে।
বড়বাড়ী বাজার শিবকালী ও দুর্গা মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র পাল বলেন, প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু গুরুচরণ রায় বলেন, অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।