নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে চুরি হওয়া প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে রাখা সরকারি একটি এইচপি কোর আই-৫ ল্যাপটপ গত ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে কোনো একসময় চুরি হয়। চুরি যাওয়া ল্যাপটপটির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ অক্টোবর ২০২৬ তারিখে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে থানায় একটি চুরি মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারে তৎপরতা শুরু করে ধামইরহাট থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটের দিকে ইসবপুর বাজার এলাকা থেকে চোরাই ল্যাপটপসহ মো. মুস্তাকিম আহমেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুস্তাকিম আহমেদ ইসবপুর গ্রামের আল মাহমুদের ছেলে।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।