নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ধামইরহাট উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবাড়ি বাজারস্থ আলহাজ্ব আব্দুস সামাদ দেওয়ানের তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. আব্দুল মমিন (৩৫) এবং মো. আব্দুর রহিম ওরফে সকিন (৪৩)-কে আটক করা হয়। তারা ধামইরহাট উপজেলার ধুরইল এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।