কক্সবাজারের টেকনাফে ক্যাম্প-২৭ জাদিমুড়া থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা শরণার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/৪ ব্লকের আব্দুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে তাকে অজ্ঞাতনামা ১০-১২ জন সশস্ত্র ডাকাত জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডল তাৎক্ষণিকভাবে রাত্রীকালীন ডিউটি পার্টি ও এসআই (নিঃ) শাহীনসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পাঠান।
পুলিশের আভিযানিক দল দ্রুত অভিযান পরিচালনা করে ক্যাম্প-২৭-এর বি/১৩ ব্লকের কাঁটাতার সংলগ্ন পাহাড়ি এলাকায় পৌঁছালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে অভিযানকারী দলের সদস্যরা সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া সৈয়দ আমিন (৩৪) ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম ইন্না আমিন।
এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।