কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—মো. সোহেল রানা (২১), পিতা নুর মোহাম্মদ, মাতা রাজিয়া খাতুন এবং মো. মামুন (২১), পিতা মো. আব্দুর রহিম, মাতা আয়শা।
তারা দুজনই জীম্বংখালী, নয়াপাড়া এলাকার বাসিন্দা।
৬৪ বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।