আইনি জটিলতা ও হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল হামিদ (নিটুল) স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ওমর ফারুক ও জাহাঙ্গীর আলম হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন নম্বর ১৩৭৭/২০২৬, যার তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
উক্ত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
এদিকে নির্বাচন সাময়িক স্থগিতের খবরে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কার্যক্রমে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরবর্তী আদালতের নির্দেশনা ও নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণার ভিত্তিতেই নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।