কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকার সাইদুল বাসারের ঘেরের কাছ থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়া থানাধীন নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছিল।
এ সময় মিয়ানমারের দিক থেকে দুজন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের সঙ্গে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন পাওয়া যায়। এসব কার্টন থেকে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা জানিয়েছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।