কক্সবাজারের টেকনাফে নিখোঁজ এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে শালবাগান এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শালবাগান এপিবিএন ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪২ মিনিটের দিকে খবর আসে, শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এক নারী আলীখালী রাস্তার মাথা থেকে মহাসড়ক দিয়ে লেদার দিকে হেঁটে যাচ্ছেন এবং এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন।
খবর পেয়ে শালবাগান এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনজুরুল আবছার রাত্রীকালীন কর্মকর্তা ও ফোর্স এবং জাদিমুড়া ক্যাম্প থেকে আসা নারী কনস্টেবল লিজা আক্তার মুক্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
পরে লেদা চেকপোস্টের সামনে গিয়ে জানতে পারেন, ওই নারী লেদা টাওয়ারের সামনে অবস্থান করছেন।
সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের নাম আল মোস্তফা (১৯) বলে জানান। প্রাথমিকভাবে তিনি নিজের বাড়ি শালবাগান রোহিঙ্গা ক্যাম্প বলে জানান।
পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে নিজ হেফাজতে নিয়ে শালবাগান এপিবিএন ক্যাম্পে আনা হয়।
জিজ্ঞাসাবাদের সময় ওই নারী অসংলগ্ন কথাবার্তা বলছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা উল্লেখ করছিলেন।
এ অবস্থায় ক্যাম্প ইনচার্জ আশপাশের রোহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে তার বাবা-মায়ের পরিচয় শনাক্ত করেন।
পরে তাদের ক্যাম্পে ডেকে আনা হলে তারা জানান, আল মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।
পরবর্তীতে নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবা-মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে আল মোস্তফাকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।