নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চার বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkufসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মথুরাপুর পশ্চিমপাড়া (খাঁ পাড়া) ত্রিমোহনী মোড় এলাকায় পাকা সড়কের ওপর ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তাররা হলেন—মোঃ আইনুল সোনার (৩৫), পিতা- মোঃ মজনু মিয়া, সাং- মথুরাপুর উত্তরপাড়া এবং মোঃ রাকিব হোসেন (২৭), পিতা- মোঃ ফারুক সোনার, সাং- মথুরাপুর পশ্চিমপাড়া। তারা উভয়েই বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, আটকের পর তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় মোঃ আইনুল সোনারের ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থেকে চার বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।