নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ (RC Kuff) উদ্ধারসহ মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল ২৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানে পত্নীতলা থানাধীন ধামইরহাট-নজিপুর সড়কের আমবাটি বাজারের কাছ থেকে মোঃ আরিফ হোসেন (৩১) ও মোছাঃ লতা (৩৩) নামে দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার মোঃ আরিফ হোসেন ধামইরহাট উপজেলার খড়মপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে। অপর আসামি মোছাঃ লতা তার স্ত্রী।
পুলিশ জানায়, আটকের সময় তাদের হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ (RC Kuff) উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকার করেননি। এমনকি একে অপরকে চেনেন না বলেও জানান। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তারা স্বামী-স্ত্রী বলে জানা যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।