মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধের লক্ষ্যে লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(২৭ সেপ্টেম্বর) রবিবার রাতে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে পৌর অ্যাকশন কমিটির সভাপতি আফজাল হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুস সালাম এবং লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং পরিবার থেকে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সে সময় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস, নাহিদ হোসেন নির্ঝর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদুর রহমান। এছাড়া জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. তফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে সচেতনতা তৈরি করা প্রয়োজন। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
উঠান বৈঠকে উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।আয়োজকেরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।