কক্সবাজারের টেকনাফে প্রেমঘটিত কারণে স্থানীয় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া এক রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের পুলিশ সদস্যরা।
পরে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়া বি/৭ ব্লক থেকে ওই কিশোরীকে স্থানীয় এক যুবকের সঙ্গে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে তার পরিবার।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, ক্যাম্প-২৭ জাদিমুড়া বি/৭ ব্লকের ১৭ বছর বয়সী তাসমিন আরার সঙ্গে স্থানীয় বাঙালি যুবক মোস্তাফিজের (২২) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
পরিবারের সদস্যদের অভিযোগের পর বিষয়টি ক্যাম্প-২৭ জাদিমুড়া সিআইসি অফিসে জানানো হয়।
পরে সিআইসি অফিস থেকে বিষয়টি জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলকে অবহিত করা হয়।
তার নির্দেশনায় এসআই (নিঃ) নিপুন মজমুদার, নারী পুলিশ সদস্যসহ মোবাইল ডিউটি পার্টি অভিযান চালিয়ে ক্যাম্প-২৭-এর বি/৩ ব্লকে স্থানীয় বাঙালি বসতঘর থেকে তাসমিন আরাকে উদ্ধার করে।
এপিবিএন সূত্র জানায়, উদ্ধারের পর কিশোরীর পরিবারের সদস্যরা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন না বলে জানান।
পরে রোববার রাত ৯টা ৪০ মিনিটে তাসমিন আরাকে তার বড় ভাই নুরুল আমিনের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: ১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট।