অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও টেজারসহ ৩ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লেদা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে—লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের জন্য নেওয়া হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিন ব্যক্তিকে নিয়ে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে লেদা বাজার অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিন ব্যক্তিকে লেদা বিওপিতে নিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—
জি-৩ রাইফেল ২টি
বড় দেশীয় একনলা বন্দুক ১টি
ছোট দেশীয় একনলা বন্দুক ১টি
গুলি ৪২ রাউন্ড
টেজার ৩টি
ওয়াকিটকি সেট ৬টি
ম্যাগাজিন ১টি
বিস্ফোরক দ্রব্য ৪ কেজি
জর্দার কৌটা ২৫টি
লাল স্কচটেপ ২৫টি
ইজিবাইক ১টি
অ্যান্ড্রয়েড মোবাইল ২টি
বাটন মোবাইল ১টি।
আটক ব্যক্তিরা হলেন—মো. উসমান বেলাল, পিতা রুবালি, ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প; মো. মুসলিম, পিতা ফয়েজ আহমদ, ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্প; এবং মো. আনসার আলী, পিতা ইউনুস, ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্প।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।