নওগাঁর মহাদেবপুরে মহাদেবপুর-নওগাঁ হাইওয়ে সড়কের পাশে জমে থাকা কাদা ও আবর্জনা পরিষ্কারে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন বিএনপির কারা নির্যাতিত নেতা জিয়াউর রহমান (জিয়া)। প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও কাদা তিনি নিজ উদ্যোগে পরিষ্কার করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে কাদা ও আবর্জনা জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কের পাশে আবর্জনা ও কাদা জমে থাকায় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছিল।
এ অবস্থায় কোনো আনুষ্ঠানিক উদ্যোগের অপেক্ষা না করে জিয়াউর রহমান নিজ উদ্যোগে সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু করেন। তার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জিয়াউর রহমান বলেন, “সড়কের পাশে কাদা ও আবর্জনা পড়ে থাকায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এবং সড়কের পরিবেশ কিছুটা পরিচ্ছন্ন রাখতে আমি নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি।”
স্থানীয়রা বলেন, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ সড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি আনবে এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হবে।