কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মো. আয়াজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, রেজুখাল চেকপোস্টে তল্লাশির সময় বিজিডি-১০৮৩ নম্বরের জার্মান শেফার্ড কুকুর ‘জন’-এর সহায়তা নেওয়া হয়। পরে মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।আটক আয়াজ টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।