রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংকটের মূল কারণ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাঁচ দফা প্রস্তাব
প্রথমত, প্রত্যাবাসনের রোডম্যাপ:
রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মিয়ানমারের অভ্যন্তরে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রভাব কাজে লাগানোর কথাও বলেন তিনি।
দ্বিতীয়ত, সহিংসতা বন্ধ ও অধিকার নিশ্চিত:
রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সব ধরনের সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিজভূমিতে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, নিরাপদ পরিবেশ তৈরি না হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার বিষয়ে আস্থা তৈরি করা কঠিন।
তৃতীয়ত, মানবিক সহায়তা অব্যাহত রাখা:
রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজারের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দীর্ঘস্থায়ী সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ তৈরি হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ২০২৫-২৬ যৌথ সাড়াদান পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীসহ প্রায় ১৬ লাখ মানুষের জন্য ৭১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
চতুর্থত, ন্যায়বিচার ও জবাবদিহি:
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং অন্যান্য আন্তর্জাতিক বিচার ও তদন্ত ব্যবস্থার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
পঞ্চমত, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা:
মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ব্যবসা এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তাঁর বক্তব্যে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক বিষয় নয়, আঞ্চলিক নিরাপত্তার সঙ্গেও সংশ্লিষ্ট একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়।
বাংলাদেশে বাড়ছে চাপ
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে।
এর প্রভাব কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর ওপরও পড়ছে।
তিনি জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েছে।
প্রায় ৬ হাজার লার্নিং সেন্টারের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি হলেও শুধু সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব নয়।
তাই বাস্তুচ্যুতির ব্যবস্থাপনার পাশাপাশি এর স্থায়ী অবসানের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব
রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা এখনো আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম ও নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
ফলে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংকটের মূল কারণ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তাঁর বক্তব্যে প্রত্যাবাসনের পাশাপাশি নিরাপত্তা, মৌলিক অধিকার, মানবিক সহায়তা, ন্যায়বিচার এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলাকে একই কাঠামোর মধ্যে গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎ যেন শুধু নিপীড়ন, বিতাড়ন ও বাস্তুচ্যুতির ইতিহাসে সীমাবদ্ধ না থাকে; বরং ন্যায়বিচার, মর্যাদা ও আশার ভিত্তিতে তাদের নিজভূমিতে ফেরার সুযোগ তৈরি করতে হবে।