নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে থাকা ১৮ মামলার আসামি শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১-এর সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে , গ্রেপ্তার শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে।
এসম আরও বলা হয়, সম্প্রতি রূপগঞ্জের ফল ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যার পর শ্রাবণ ও তার অনুসারীরা এলাকায় আধিপত্য বিস্তার এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে। এছাড়া একটি হত্যাকাণ্ডের পর এলাকা ছাড়ার বিষয়ে স্থানীয়দের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টার দিকে র্যাব-১১-এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ (২০) এবং তার গ্যাংয়ের আরও তিন সদস্য—সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)—কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও এসময় জানানো হয়েছে।