নওগাঁর পোরশা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গাংগুরিয়া ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার সারাইগাছি মোড় এলাকায় মোজাম্মেল মাস্টারের আড়তঘরে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাংগুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা মোঃ ওমর আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা শাখার সভাপতি মাওলানা মোঃ হুজ্জাতুল্লাহ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মামুনুর রশিদ।
এ ছাড়া অনুষ্ঠানে মাহবুবুর রহমান, আতাউল হক, মমিনুল হক, মাওলানা আব্দুল কাদেরসহ গাংগুরিয়া ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে গাংগুরিয়া ইউনিয়ন শাখার পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক মাস্টারকে সভাপতি, মনজুরুল হককে সেক্রেটারি এবং মাওলানা রাশিদুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদেরও সম্মেলনে ঘোষণা করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক মাস্টার।
সম্মেলন শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।