জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়তেই লালমনিরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে রাত থেকেই বাড়তে থাকে যানবাহনের চাপ।
দাম কার্যকর হওয়ার আগে তুলনামূলক কম দামে জ্বালানি সংগ্রহের জন্য মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়ে পাম্পে ছুটে আসেন চালকরা। এতে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তৈরি হয় দীর্ঘ সারি, কোথাও কোথাও দেখা দেয় যানজটও।রবিবার, ২০ সেপ্টেম্বর রাত থেকে লালমনিরহাট সদর, কালীগঞ্জ, আদিতমারী ও হাতীবান্ধাসহ জেলার বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে এই চিত্র দেখা যায়।
দাম বাড়ার আগে প্রয়োজনীয় জ্বালানি কিনে রাখার চেষ্টা করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়।
পেট্রল বিক্রির এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। হঠাৎ করে ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশনের কর্মীদের অতিরিক্ত চাপের মধ্যে সেবা দিতে দেখা যায়।
চালক ও যানবাহন মালিকদের ভাষ্য, প্রতি লিটারে একসঙ্গে ২০ টাকা দাম বাড়লে পরিবহন পরিচালনার খরচ আরও বেড়ে যেতে পারে।
তাদের আশঙ্কা, জ্বালানি ব্যয় বাড়লে পরিবহন খাতের পাশাপাশি এর প্রভাব পড়তে পারে পণ্য পরিবহন ব্যয়েও। আর সেই বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের বাজারদরে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হলে পরিবহন খাত ও সাধারণ ভোক্তাদের ওপর এর প্রভাব কতটা পড়ে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।