কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ অভিযানে অপহৃত এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণের নাম ছামিউল্লাহ (১৯)। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।
১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে ছামিউল্লাহ নিজ বাসা থেকে টেকনাফের উদ্দেশ্যে বের হন।
পরে দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে অপহরণ করা হয়েছে বলে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে বিষয়টি অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে ১৬ এপিবিএন, টেকনাফের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার, অতিরিক্ত ডিআইজি-এর সার্বিক দিকনির্দেশনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অপহরণকারী চক্রের কাছ থেকে ছামিউল্লাহকে উদ্ধার এবং মোহাম্মদ ফয়সাল (১৮) নামে একজনকে আটক করা হয়।
আটক মোহাম্মদ ফয়সাল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ১৬ এপিবিএন।
ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।