কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে টেকনাফের ক্যাম্প-২৫ আলীখালীর ডি-১৪ ব্লকে বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ক্যাম্প-২৫ আলীখালী এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. তানভিরুল ইসলাম পিপিএমের নির্দেশে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকে সফিকুর রহমান (১৯) ও নুরুল আমিন (২৮) নামে দুইজনকে আটক করা হয়।
আটক সফিকুর রহমান ক্যাম্প-২৫ আলীখালীর ডি/১৫ ব্লকের বাসিন্দা এবং নুরুল আমিন ক্যাম্প-১৭ বালুখালীর বাসিন্দা বলে জানানো হয়েছে।
পরে আটক দুজনকে ক্যাম্প-২৫ আলীখালীর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহারিয়ার বিন মান্নানের কাছে উপস্থাপন করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে সফিকুর রহমানকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং নুরুল আমিনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কর্তৃপক্ষের এ ধরনের অভিযান বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।