নওগাঁ সদর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ কক্ষের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফি তুহিন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সদর উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে সংসদ সদস্যের সরাসরি যোগাযোগ আরও সহজ করা, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।
উদ্বোধনের পর সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।