নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে আত্রাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের নেতৃত্বে ও সভাপতিত্বে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে যুবদলের নেতাকর্মীরা আত্রাই ব্রিজ সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচি চলাকালে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জনস্বার্থে যুবদলের এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরকার ও আলা উদ্দিন আলা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, অ্যাডভোকেট আব্দুল মতিনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে বাড়িঘর, রাস্তা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।