নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার আলমপুর ইউনিয়নের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গম্ভীরা পরিবেশনার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে নাটিকা ও গম্ভীরার মাধ্যমে পানি সম্পদের অপচয় রোধ ও সুষ্ঠু ব্যবহার, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়। গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা গম্ভীরা পরিবেশন করেন। প্রাণবন্ত এ আয়োজনে স্থানীয় প্রায় চার শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, লোকজ সংস্কৃতির জনপ্রিয় মাধ্যম গম্ভীরার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পানি, বর্জ্য ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও যথাযথ ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উদ্বুদ্ধ করা হয়।