আত্রাই উপজেলার ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর।
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলার নিয়োগের দাবিতে গণস্বাক্ষর করেছেন স্থানীয় কৃষকরা। এ দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন জমা দেন তারা।স্থানীয় কৃষকরা জানান, বিশা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে আত্রাই-গুড় নদী। নদীর দক্ষিণ তীরে হরিপুর, সুদরানা, বিশা, বৈঠাখালী, ডুবাই, উদয়পুর, পারমোহনঘোষ ও থলওলমাসহ প্রায় ১২টি গ্রামের অবস্থান। এসব গ্রামের কৃষকদের সার সরবরাহের জন্য বর্তমানে একজন বিসিআইসি ও দুইজন বিএডিসি সার ডিলার রয়েছেন। তবে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান নদীর উত্তর তীরে সমসপাড়া বাজারে।
ফলে দক্ষিণ তীরের প্রায় ১২টি গ্রামের কৃষকদের সার কিনতে প্রতিনিয়ত নদী পার হয়ে সমসপাড়া বাজারে যেতে হচ্ছে। নদী পারাপারের জন্য ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে কৃষকদের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিকাজ ও পারিবারিক নানা কাজে ব্যাঘাত ঘটছে।
কৃষকদের অভিযোগ, নদী পারাপার ও সার পরিবহনের কারণে প্রতি বস্তা সারে তাদের অতিরিক্ত প্রায় ৬০ থেকে ৭০ টাকা খরচ হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকদের সময় ও অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে কৃষি উৎপাদন ব্যয়।
হরিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “সার নিতে গেলে নদী পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় অর্ধেক দিনই চলে যায়। এতে সংসার ও কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়।”
বৈঠাখালী গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, “মাত্র ১০ কেজি সার প্রয়োজন হলেও নদী পার হয়ে সমসপাড়া বাজারে যেতে হয়। এতে সময় ও অর্থ—দুটোরই অপচয় হয়।”
ডুবাই গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, “নদীর ওপার থেকে সার আনতে প্রতি বস্তায় ৬০ থেকে ৭০ টাকা অতিরিক্ত খরচ হয়। ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগ দেওয়া হলে আমরা সহজেই ভ্যানসহ অন্যান্য পরিবহনে সার আনতে পারব। এতে আমাদের সময় ও খরচ দুটোই কমবে।” এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, বিশা ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের জন্য এ পর্যন্ত ১২টি আবেদন জমা পড়েছে। আবেদনগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলারট নিয়োগের দাবিতে স্থানীয় কৃষকরা গণস্বাক্ষর সংবলিত একটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।