আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ
নওগাঁর আত্রাইয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আত্রাই নদীতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় আত্রাই নদী, উপজেলা পরিষদ পুকুর, নৈ দিঘির গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর ও মাগুরা-আকবরপুর আদর্শ গ্রাম পুকুরসহ মোট আটটি জলাশয়ে সর্বমোট ২৭১ দশমিক ৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আত্রাই নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণে সহায়তা হবে। পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, অবমুক্ত করা পোনা মাছ যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য মাছ শিকার ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে পোনা মাছ রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়।