নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ১৬ এপিবিএন, টেকনাফ, কক্সবাজার।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় ১৬ এপিবিএন সদর দপ্তরের সম্মেলন কক্ষে “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
এ সময় সহকারী পুলিশ সুপার এম. এ. ফয়সালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) থেকে কনস্টেবল পদমর্যাদার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা, দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।