ধামইরহাটে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট পৌরসভার চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় আসামির বসতবাড়ির সামনে একটি গ্যারেজের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মেহেদী হাসান ধামইরহাট থানাধীন চকযদু (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত জান্নাতুন ফেরদৌস এবং মাতা মোছা. রিতা বেগম।
পুলিশের দাবি, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহলও মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।