আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে সারাদেশের ন্যায় ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশব্যাপী ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংস করতে বাড়ির আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ কর্মসূচি সফল করতে আত্রাইবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।