এমপির কাছে ফ্যামিলি কার্ড নিয়ে শ্রমজীবী নারীদের নানা প্রশ্ন পর্যায়ক্রমে সবাই পাবেন ফ্যামিলি কার্ড: নওগাঁ-৪ মান্দা আসনের এমপি ডা. ইকরামুল বারী টিপু।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর কাছে ফ্যামিলি কার্ড নিয়ে নানা প্রশ্ন করেছেন মান্দা উপজেলার শ্রমজীবী ও নিম্নআয়ের নারীরা। ফ্যামিলি কার্ড বিতরণ কবে শুরু হবে, কারা অগ্রাধিকার পাবেন, তথ্য সংগ্রহের প্রক্রিয়া কী এবং প্রকৃত নিম্নআয়ের পরিবারগুলো কীভাবে এ সুবিধার আওতায় আসবে—এসব বিষয়ে জানতে চান তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) মান্দা উপজেলার বিভিন্ন কার্যক্রম শেষে ফেরার পথে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে শ্রমজীবী নারীদের দেখা হয়। এ সময় তারা সংসদ সদস্যকে ঘিরে ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান।
শ্রমজীবী নারীরা জানতে চান, ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম কবে শুরু হবে এবং এ কার্ড পাওয়ার ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা প্রয়োজন। পাশাপাশি তথ্য সংগ্রহ কখন শুরু হবে এবং তাদের পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়েও প্রশ্ন করেন তারা।
নারীদের এসব প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। আমিও ফ্যামিলি কার্ড পাব, আপনারাও পাবেন। কয়েকটি ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।” তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও হালনাগাদের কাজ করা হবে। তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
সংসদ সদস্য বলেন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এতে প্রকৃত হতদরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো অগ্রাধিকার পাওয়ার সুযোগ রয়েছে।
এ সময় উপস্থিত শ্রমজীবী নারীরা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো সরকারি সহায়তা পেলে তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলো যেন সঠিকভাবে তালিকাভুক্ত হয়ে কোনো ধরনের হয়রানি বা পক্ষপাত ছাড়াই সরকারি সুবিধা পায়।
সংসদ সদস্যের কাছ থেকে ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পেরে উপস্থিত শ্রমজীবী নারীদের মধ্যে স্বস্তি ও আশাবাদ দেখা যায়।