কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মায়ের বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ শুরু
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লা নগরীর মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের ১১তম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত মনোহরপুরের শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রথম দিন শনিবার বিকেল সাড়ে ৩টায় গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর গঙ্গা আবাহন ও মঙ্গলঘট প্রতিষ্ঠা এবং শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের পূজা অর্চনা শেষে রাত ১০টায় শুরু হবে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। পরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
দ্বিতীয় দিন রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় বাল্যভোগ, মায়ের পূজা অর্চনা ও ভোগ নিবেদন করা হবে। দুপুরে প্রসাদ বিতরণ এবং রাতে মায়ের পূজা ও প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
তৃতীয় দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাল্যভোগ, দুপুরে মায়ের পূজা অর্চনা ও ভোগ এবং সন্ধ্যায় মায়ের পূজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ ও শেষ দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাল্যভোগ এবং দুপুরে মায়ের পূজা অর্চনা ও ভোগ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় উৎসবে আগত ভক্ত-শ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাত ১০টায় হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি অনুষ্ঠিত হবে।মহানামযজ্ঞে নামসুধা পরিবেশন করবেন সাতক্ষীরা সোনার গৌর সম্প্রদায়, ভোলা বৈষ্ণব নারায়ণ দে সম্প্রদায়, কক্সবাজার শ্রীশ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, চান্দিনা বাউল সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়া মোহন লাল সম্প্রদায় এবং কুমিল্লা প্রভু প্রাণ গোপাল সম্প্রদায়।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলের উপস্থিতি, অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা।