লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, নিয়ে গেল ৫টি নৌকা।
মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ধরলা নদী এলাকায় বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি নৌকা বিএসএফ নিয়ে গেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার দুপুরে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরসংলগ্ন ধরলা নদীর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ দেখা দিলে বিজিবি সতর্ক অবস্থান নেয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তঃসীমান্ত ধরলা নদী বুড়িমারী স্থলবন্দর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীর শূন্যরেখাসংলগ্ন বাংলাদেশ অংশে স্থানীয় কয়েকজন ব্যক্তি ছোট নৌকা ব্যবহার করে বালু ও পাথর উত্তোলনের কাজ করে জীবিকা নির্বাহ করেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে প্রায় ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য নদীর তীরে অবস্থান নেয়। এ সময় দুই সদস্য অস্ত্র উঁচিয়ে কয়েক দফা গুলি ছোড়ে। স্থানীয়দের দাবি, গুলির ঘটনায় কেউ হতাহত না হলেও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি নৌকা নদী থেকে তুলে নিয়ে যায় বিএসএফ—এমন তথ্য জানিয়েছে বিজিবি।
তবে ঘটনার অবস্থান নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেন, বালু ও পাথর উত্তোলনকারী বাংলাদেশি নাগরিকেরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেননি। তাদের অভিযোগ, বিএসএফ সদস্যরা নদী এলাকার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশের দিকে এসে গুলি ছোড়ে।অন্যদিকে বিজিবির ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ২০ গজ দূরে বরমতল নামক স্থানে প্রবেশ করেন। এ সময় বিএসএফের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি আরও জানায়, ঘটনাস্থল থেকে চারটি নৌকা নদীর পার হয়ে বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে যায়। পরে বুড়িমারী কোম্পানি সদর থেকে পানিশালা বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলি ছোড়ার ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বৈঠকের বিস্তারিত বিষয়ে জানতে চাইলে বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম কোনো মন্তব্য করতে রাজি হননি।
৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় বিএসএফের গুলি ছোড়ার ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে তিনি কর্মস্থলের বাইরে থাকায় ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং পতাকা বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।