ছাতকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফের নানা অনিয়মের অভিযোগ
শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু-বেঞ্চ ওঠানো, অফিস কক্ষে বৈদ্যুতিক চুলায় ডিম সিদ্ধ; আগের কর্মস্থলেও উঠেছিল অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ১৩৮ নম্বর মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারের বিরুদ্ধে ফের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া, বেঞ্চ ওঠানো-নামানো, বাথরুম পরিষ্কার, ডিম সিদ্ধ এবং চা-নাস্তা আনার মতো কাজ করানোর অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই লিখিত অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শরীফ হোসেন সুরুজ উল্লেখ করেন, প্রধান শিক্ষিকা নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করান। এসব কাজ করতে গিয়ে এক শিশু বেঞ্চের নিচে পড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগের সঙ্গে পাওয়া পঞ্চম শ্রেণির একটি ‘ক্লাস রুম ঝাড়ু দেওয়ার রুটিনে’ সপ্তাহের বিভিন্ন দিনে শিক্ষার্থীদের নাম উল্লেখ রয়েছে। রুটিনে রবিবার উইমিয়া, মাইশা ও ফারিহা; সোমবার কারিমা, ফাতেমা ও লিপিয়া; মঙ্গলবার মৌন্নিতা, তানিশা ও শুকরিয়া; বুধবার মারিয়া, আয়শা ও তাসনোভা এবং বৃহস্পতিবার তিজা, তানহা ও মিনহারের নাম রয়েছে।রুটিনের নিচে নির্দেশনা হিসেবে লেখা রয়েছে—“ছাত্ররা সবাই নিচু বেঞ্চ উঁচু বেঞ্চের উপর তুলে দিয়ে যাবে।অভিভাবকদের অভিযোগ, কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে নিয়মিত ঝাড়ু দেওয়া ও বেঞ্চ ওঠানো-নামানোর কাজ করানো হলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়।
প্রধান শিক্ষিকার অফিসে বৈদ্যুতিক চুলায় ডিম সিদ্ধ
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষিকার অফিস কক্ষে বৈদ্যুতিক চুলা ব্যবহার করে ডিম সিদ্ধ করা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাচলের মধ্যে এভাবে বৈদ্যুতিক চুলা ব্যবহারে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন অভিভাবক।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার বলেন, “আমি বিদ্যুৎ বিল দিই। আমাকে অনুমতি দেওয়া হয়েছে।তবে সরেজমিনে বিদ্যালয়ে অবস্থানকালে আরও দেখা যায়, একটি সিএনজি অটোরিকশায় করে চুলা ও ডেক-বাসনপত্র নিয়ে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এগুলো প্রধান শিক্ষিকার নিজ বাড়ির দিকে নেওয়া হচ্ছিল। বিদ্যালয়ের জন্য ব্যবহৃত এসব সামগ্রী ব্যক্তিগত কাজে নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ,লিখিত অভিযোগে আরও বলা হয়, টিফিনের সময় অনেক সময় প্রধান শিক্ষিকা শ্রেণি কার্যক্রম পরিচালনা না করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া বিদ্যালয়ের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সিএনজি অটোরিকশায় করে বাড়ি চলে যাওয়ার অভিযোগও করা হয়েছে।একজন সহকারী শিক্ষকের দিকে ডাস্টার ছুড়ে মারা এবং তাকে অপমান-অপদস্থ করার অভিযোগও করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও মানসিকভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে।আগের কর্মস্থলেও উঠেছিল অভিযোগ
জানা যায়, শাহিনা আক্তার এর আগে ছাতক সদর ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়মিত উপস্থিতি এবং সরকারি বরাদ্দের অর্থের হিসাব না দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।
ওই সময় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, একাধিকবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষিকাকে অনুপস্থিত পাওয়া যায়। এ কারণে একবার একদিনের বেতন কর্তন এবং একবার শোকজ করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।স্থানীয়দের দাবি, এসব অভিযোগের পর গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শাহিনা আক্তারকে বদলি করে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হয়।আমার বিরুদ্ধে যা পারেন করেন’অভিভাবকদের অভিযোগ। স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি তাদের উদ্দেশে“আমার বিরুদ্ধে যা পারেন করেন, আমাকে কিছু করতে পারবেন না”এমন মন্তব্য করেন।এছাড়া বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য যথাযথভাবে ক্লাস না নেওয়া এবং শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা না করার অভিযোগও রয়েছে।বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সরকারি বরাদ্দের ১ হাজার টাকার যথাযথ হিসাব না পাওয়ার অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
তদন্তের দাবি
অভিভাবক ও স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়া, বেঞ্চ ওঠানো-নামানো,বাথরুম পরিষ্কারসহ উত্থাপিত অভিযোগগুলোর প্রতিটি বিষয় সরেজমিন তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে আগের কর্মস্থলের অভিযোগ এবং বর্তমান অভিযোগগুলোও খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আমি অভিযোগটি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পাঠাব। ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনের সঙ্গে দেখা করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি দেখতেছি।অভিযোগকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শরীফ হোসেন সুরুজ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।