বরকইটের উন্নয়নে নতুন প্রত্যয়—‘জনগণকে সঙ্গে নিয়েই বদলে দিতে চাই ইউনিয়নের চিত্র’: খায়রুল বাশার
ইমদাদুল ইসলাম রনি, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ খায়রুল বাশার। তিনি বলেছেন, জনগণের মতামত, সহযোগিতা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান।
১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩টায় বরকইট ইউনিয়নের পিহর-গোবিন্দপুর ২নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোঃ তাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ খায়রুল বাশার।
‘বরকইটকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে চাই’
বক্তব্যে খায়রুল বাশার বলেন, “আমি চাই বরকইট ইউনিয়ন শুধু একটি সাধারণ ইউনিয়ন হিসেবে নয়, একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে বিশ্বের মানুষের কাছে পরিচিত হোক।”
তিনি বলেন, জনগণের সমস্যা জানতে হলে জনগণের কাছেই যেতে হবে। এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং জনসেবাকে আরও কার্যকর করার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন এবং উন্নয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
সভায় আরও যারা বক্তব্য রাখেন
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ মোশারফ হোসেন, সুবেদার মোঃ খলিলুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ), মোঃ ডাক্তার সুমন, মোঃ তাজুল ইসলাম ও মোঃ আব্দুল বারেক।
সভায় পিহর-গোবিন্দপুর ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।