৬ নং মশিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আয়নাল হক জনসেবাকে অগ্রাধিকার দিয়ে উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয়।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পোরশা উপজেলার ৬ নং মশিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক আয়নাল হক। ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তিনি। সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মশিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, কৃষি ও নাগরিক সেবাসহ নানা বিষয়ে মানুষের বিভিন্ন প্রত্যাশা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আয়নাল হক।জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি। বিশেষ করে দুর্বল ও অসহায় মানুষের সহযোগিতা, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের দৈনন্দিন ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
সম্প্রতি মশিদপুর ইউনিয়নের শিশা বাজারের তিনমাথার মোড়ে যানবাহন ও সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। ওই এলাকায় রাস্তার বেহাল অবস্থার কারণে ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের সুবিধার কথা বিবেচনা করে আয়নাল হকের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয় বলে জানা গেছে।এ বিষয়ে আয়নাল হক বলেন, “জনগণের জন্য কাজ করার সুযোগ পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। নির্বাচিত হই বা না হই, মানুষের প্রয়োজনের সময় তাদের পাশে থাকার চেষ্টা করব। মশিদপুর ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়নের জন্য শুধু বড় বড় প্রকল্প নয়, ছোট ছোট জনদুর্ভোগের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখতে হবে। যেখানে সাধারণ মানুষ প্রতিদিন চলাচলে সমস্যায় পড়ছেন, সেসব সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চেয়ারম্যান পদপ্রার্থী আয়নাল হক আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের সহযোগিতা, নাগরিক সেবা সহজীকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, “মশিদপুর ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়। জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। আমি জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”
এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আয়নাল হকের কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে। আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি কতটা জনসমর্থন অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন।