মাদকবিরোধী অভিযান নওগাঁর নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মো. রেহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেগুনবাড়ি জামে মসজিদের পাশে সন্দেহভাজন হিসেবে মো. রেহেল রানাকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. রেহেল রানা (২৬) নিয়ামতপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রেহেল রানা অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিক্রয় রোধে নিয়ামতপুর থানা এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।