সুরাজপুরে বসতভিটা দখলের অভিযোগ ‘বানোয়াট’!
একপক্ষের অভিযোগে সংবাদ প্রকাশে ক্ষোভ; দলিল-খতিয়ান যাচাই ও সরেজমিন তদন্তের দাবি
মোঃ আব্দুল্লাহ (আল-মামুন)
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুরাজপুরে বসতভিটা জবরদখল, হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে আয়োজিত প্রতিবাদ সভায় মো. সাগর, পিতা মুসলিম উদ্দিনসহ স্থানীয়রা প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদকারীদের দাবি, ৮ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থলে কথিত জবরদখল, হামলা কিংবা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। বরং জমির প্রকৃত মালিক নিজ জায়গায় কাজ করতে গেলে কয়েকজন ব্যক্তি বাধা দেন। পরে ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জবরদখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।মো. সাগরের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাকে ‘হামলা ও দখল’ হিসেবে উপস্থাপন করছে। অথচ জমির প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য রয়েছে দলিল, খতিয়ান, নামজারি ও অন্যান্য আইনগত নথি। এসব যাচাই না করে একপক্ষের বক্তব্যকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ প্রচার করা কতটা যুক্তিসংগত—এ প্রশ্নই তুলেছেন প্রতিবাদকারীরা।
তাদের ভাষ্য, বিএনপি নেতাদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির যে অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। স্থানীয়দের দাবি, নিজ জায়গায় স্বাভাবিক কাজের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জবরদখল’ হিসেবে প্রচার করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
পাল্টা অভিযোগও গুরুতরঃ
মো. সাগর পাল্টা অভিযোগ করে বলেন, রাকিবুল হাসান নাফিউ ওরফে রাকিব, মোস্তাফিজুর রহমান ওরফে পটল, হেফাজতুর রহমান সিমুল ও সিফাতের নেতৃত্বে তাদের জায়গা দখলের চেষ্টা এবং কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ পাল্টা অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবাদ সভায় স্থানীয়রা প্রশ্ন তোলেন,জমি কার, দখল কার, কে বৈধ মালিক,তা কি অভিযোগ-পাল্টা অভিযোগে নির্ধারিত হবে, নাকি দলিলপত্র ও সরেজমিন তদন্তের মাধ্যমে?
তাদের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হোক। সংশ্লিষ্ট জমির দলিল, খতিয়ান, নামজারি, দখল ও সীমানা সরেজমিনে যাচাই করে প্রকৃত সত্য উদঘাটন করা হউক।
স্থানীয়দের আরও অভিযোগ, কোনো ঘটনার একপক্ষের বক্তব্য প্রচার করে অপর পক্ষের বক্তব্য উপেক্ষা করা হলে তাতে বিভ্রান্তি তৈরি হয় এবং প্রকৃত ঘটনা আড়ালে থেকে যেতে পারে। তাই ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল জমি-সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের বক্তব্য, নথিপত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, ‘মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে সামাজিকভাবে হেয় নয়, প্রমাণের ভিত্তিতে প্রকৃত সত্য সামনে আসুক।’ একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।