বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমারে আবারও সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাচারের সময় বিজিবি ও কোস্টগার্ড বেশ কয়েকটি চালান জব্দ করেছে। নতুন করে সার পাচারের ঘটনায় সীমান্তের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা এবং সচেতন মহলে অসন্তোষ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে মিয়ানমারে সার পাচারের প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল।
ওই সময়ে সার পাচার ও আটকের ঘটনাও ছিল তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক সার পাচারের ঘটনায় কৃষি সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে সার পাচারের সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা গেছে, মিয়ানমারে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের কারণে রাখাইন রাজ্যে বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে। আরাকান আর্মি নিয়ন্ত্রিত ওই অঞ্চলে কৃষিকাজেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
এর মধ্যে কৃষি উপকরণের সংকট থাকায় সেখানে সারের চাহিদা বেড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
পাচারের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারে ইউরিয়া সারের চাহিদা রয়েছে এবং সেখানে তুলনামূলক বেশি দামে সার বিক্রি করা সম্ভব হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সীমান্তবর্তী এলাকার একটি চক্র সার পাচারে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বাজারে সরকারি মূল্যে সরবরাহ করা সারের একটি অংশ পাচার হয়ে গেলে স্থানীয় কৃষকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি হলে কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
একের পর এক চালান জব্দ
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ভোরে টেকনাফের দমদমিয়া সীমান্ত দিয়ে পাচারের সময় ৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে বিজিবি।
এর আগে ২ সেপ্টেম্বর একই সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ একটি হস্তচালিত নৌকা জব্দ করা হয়।
গত ২০ আগস্ট সাবরাং বিওপির জওয়ানেরা নাফ নদীতে অভিযান চালিয়ে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেন।
এদিকে ৬ সেপ্টেম্বর মিয়ানমারের উদ্দেশ্যে ট্রাকে করে পরিবহনের সময় ৩০০ বস্তা সারের একটি বড় চালান জব্দ করে মরিচ্যা বিজিবি।
গত ৩ সেপ্টেম্বর ঘুমধুম সীমান্ত দিয়ে পাচারের সময় ৩৪ বিজিবির সদস্যরা ৮৮ বস্তা ইউরিয়া ও টিএসপি সার জব্দ করেন।
এর আগে ১৫ জুলাই রাতে পালংখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সারসহ চার রোহিঙ্গাকে হাতেনাতে আটক করেন পালংখালী বিওপির জওয়ানেরা।
১৩ জুলাই পালংখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ৬৪ বিজিবির অধীন পালংখালী বিওপির সদস্যরা ১৩০ বস্তা সার আটক করেন। একই এলাকায় ৮ জুলাই আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ ২২ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
এছাড়া ১ জুলাই পালংখালী বিওপির সদস্যরা ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সারসহ একজন পাচারকারীকে হাতেনাতে আটক করেন।
অন্যদিকে, চট্টগ্রামের হালিশহর, ভাটিয়ারী, পতেঙ্গা ও কুতুবদিয়া উপকূলীয় এলাকা দিয়ে জাহাজ বা ট্রলারে করে মিয়ানমারে সার পাচারের সময় কোস্টগার্ডের হাতে বেশ কয়েকটি চালান আটকের ঘটনাও ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নজরদারি বাড়ানোর উদ্যোগ
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, গত আগস্টে উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিজিবি, পুলিশ, র্যাব, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সার পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, ডিলার পর্যায়ে মনিটরিং জোরদার, সারের বস্তার মুখ খোলা রাখা এবং বিকেল ৫টার পর সার বিক্রি না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
তিনি বলেন, “সার পাচার শূন্যের কোটায় নিয়ে আসতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। সকলের সমন্বিত প্রচেষ্টা ও মনিটরিংয়ের মাধ্যমে সার পাচার ঠেকানো সম্ভব।
তিনি আরও জানান, সার পাচার রোধে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও র্যাবের সমন্বয়ে দু-এক দিনের মধ্যে আরও একটি সভা অনুষ্ঠিত হবে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, সার পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড তৎপর রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) ড. বিমল কুমার প্রমাণিকের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জি বলেন, “সার এমন একটি জিনিস, যা পকেটে করে নেওয়া যায় না।
কার কার সার প্রয়োজন, সেটিও স্থানীয় লোকজন ভালো করেই জানেন। কৃষকসহ স্থানীয়রা সার পাচার রোধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন।”
তিনি সার বিতরণে স্বচ্ছতা, নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত দিয়ে সার পাচার বন্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, ডিলার পর্যায়ে কঠোর মনিটরিং, সুষ্ঠু বিতরণ ব্যবস্থা এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা জরুরি। অন্যথায় সীমান্তে সারের অবৈধ বাণিজ্য বাড়লে দেশের কৃষকরা ভবিষ্যতে সংকটের মুখে পড়তে পারেন।