চরমোন্তাজে ভাঙনের মুখে বেড়িবাঁধ, আতঙ্কে শতাধিক পরিবার
জোয়ারের পানিতে ভেসে গেছে সংস্কারের জিওব্যাগ—বাঁধ রক্ষায় স্থায়ী ব্লক স্থাপনের দাবি এলাকাবাসীর
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা:- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট পূর্ব সুলিজ থেকে দক্ষিণ আশ্রয়ণ কেন্দ্র পর্যন্ত বেড়িবাঁধের বেহাল দশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বাঁধের বিভিন্ন অংশে মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় ধরনের ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় জোয়ারের পানির প্রবল চাপ ও স্রোতে বাঁধ ধসে পড়ে বসতভিটাসহ আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয়রা জানান, এর আগে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের সময় মাটি ভর্তি জিওব্যাগ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জোয়ারের পানির প্রবল স্রোতে এসব জিওব্যাগও সরে গিয়ে অনেক জায়গায় পানিতে ভেসে গেছে। ফলে আগের সংস্কারেও বাঁধের স্থায়ী সুরক্ষা নিশ্চিত হয়নি; বরং বর্তমানে ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর ফকির (৫০) ও মোঃ রফিকুল ইসলাম (৩৪) বলেন, “আমরা অসহায় মানুষ। বেড়িবাঁধের পাশে ছোটখাটো ব্যবসা করে সংসার চালাই। জোয়ারের পানিতে বাঁধের মাটি সরে যাওয়ায় আমাদের দোকানঘরও ঝুঁকির মধ্যে পড়েছে। বাঁধ ভেঙে গেলে আমাদের সবকিছু পানিতে চলে যাবে।”
অন্য বাসিন্দা মোঃ খালেক (৫৫) বলেন, “এইটুকুই আমার সম্বল, মাথা গোঁজার শেষ আশ্রয়। কখন যে বাঁধটি পানির সঙ্গে মিশে যাবে, সেই ভয়েই দিন কাটে। বাঁধ ভেঙে গেলে আমার বসতভিটায় কিছুই থাকবে না। পরিবার নিয়ে কোথায় যাব, সেটাই জানি না।”
স্থানীয়দের দাবি, শুধু মাটি ফেলে বা জিওব্যাগ দিয়ে সাময়িকভাবে বাঁধ ঠেকিয়ে কোনো স্থায়ী সমাধান হবে না। জোয়ারের পানির প্রবল স্রোত থেকে বাঁধ রক্ষা করতে হলে ঝুঁকিপূর্ণ অংশে টেকসই ব্লক স্থাপন করে স্থায়ীভাবে বাঁধ সুরক্ষা দিতে হবে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাঁধ ভেঙে আশ্রয়ণ প্রকল্প ও আশপাশের বসতবাড়িতে পানি ঢুকে পড়তে পারে। এতে শত শত অসহায় মানুষের ঘরবাড়ি, গবাদিপশু ও শেষ সম্বল হারানোর আশঙ্কা রয়েছে।
তাই দুর্যোগের আগেই বেড়িবাঁধটি জরুরি ভিত্তিতে মেরামত করে ঝুঁকিপূর্ণ অংশে ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।