নওগাঁর মান্দায় নতুন ইউএনও আতিয়া খাতুনের যোগদান।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আতিয়া খাতুন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে আতিয়া খাতুন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি নওগাঁর বদলগাছী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
আতিয়া খাতুন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও আতিয়া খাতুন বলেন, মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করে যাবেন। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
এদিকে, নবাগত ইউএনও আতিয়া খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মান্দা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজনরা। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।