নওগাঁয় স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থী সিয়ামের।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।স্কুলে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল সিয়াম হোসেন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁর মান্দা উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন উপজেলার রামনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিয়াম বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে রামনগর গ্রামের সড়কে পৌঁছালে একটি ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ভুটভুটিটি আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটিটি হেফাজতে নেয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।