মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নকে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন করতে চান বাদশা।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক ও অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন বাদশা। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বলে জানা গেছে।
অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন বাদশা বলেন, দীর্ঘদিন ধরে তিনি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। ভবিষ্যতেও মানুষের সেবা ও কল্যাণে কাজ করতে চান তিনি।
তিনি বলেন, তেঁতুলিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক নিরাপত্তার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল উদ্যোগের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান বাদশা। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি এবং তাদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বাদশা আরও বলেন, ইউনিয়নবাসী তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করবেন। তেঁতুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদক-সন্ত্রাসমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।।