পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ-ওঝা ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পোরশায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসা রোধে স্থানীয় কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ সদস্যদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, পোরশা উপজেলায় কোনো ধরনের অপচিকিৎসা চলতে দেওয়া হবে না। ভুয়া চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে যারা প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, প্রশাসনের অন্যতম দায়িত্ব হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসার কারণে অনেক মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। ফলে এসব প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
ইউএনও আরও বলেন, অপচিকিৎসা বন্ধ করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এজন্য কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশসহ স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি কুসংস্কার ও অপচিকিৎসা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে বক্তারা বলেন, অসুস্থ হলে রোগীদের প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোনো রোগের ক্ষেত্রে ঝাড়ফুঁক, তাবিজ-কবচ কিংবা অবৈজ্ঞানিক পদ্ধতির ওপর নির্ভর না করে যথাযথ চিকিৎসা গ্রহণের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ সদস্য সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে কুসংস্কার ও অপচিকিৎসার ক্ষতিকর দিক, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।