ধামইরহাটে মুস্তাকিন হত্যা মামলায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবল উদ্ধার, জাল বন্ধককে কেন্দ্র করে হত্যার রহস্য উদঘাটন।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাটে মুস্তাকিন (২০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবলও উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানাধীন বড় শিবপুর যদুপাড়া গ্রামে মাছ ধরার তৌরা জাল ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে মুস্তাকিন (২০), পিতা মো. বেলাল হোসেন, সাং বড় শিবপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁকে তার নিজ খলিয়ানে মারপিট করা হয়। এ সময় তার মাকেও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করা হয় বলে মামলার তদন্তে উঠে এসেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত মুস্তাকিন ও তার মাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ধামইরহাট থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলা রুজুর মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. রতন হোসেন (২২)
২. মো. সাইদুল ইসলাম (২৪)
৩. আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মো. হাসান (১৪)
তিনজনের পিতা আব্দুল জলিল।
৪. মোসাম্মৎ রোকেয়া বেগম (৫৫)
৫. মোছাম্মত জাকিয়া বেগম (১৯)।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর সাড়ে ৪টার দিকে ধামইরহাট থানার সাহাপুর আঙ্গুরাত কলোনি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় গ্রেপ্তার আসামি সাইদুল ইসলামের দেওয়া তথ্য ও দেখানো মতে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাবল উদ্ধার করা হয়।
পুলিশের এ দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবহৃত আলামত উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।